জুলাইয়ের রক্তের ইতিহাস ভুলে গেছে বিএনপি: জুমা

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা অভিযোগ করেছেন, বিএনপির নেতাকর্মীরা জুলাইয়ের আন্দোলন ও গত ১৭ বছরের রাজনৈতিক নির্যাতনের ইতিহাস ভুলে গেছেন। শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথাও তারা স্মরণ করছেন না বলে মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জুমা। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন- গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে। ভুলে গেছেন, শহীদ আবু সাঈদের রক্তের কথা।’
ইডেন কলেজের পাশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। জুমার অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেভাবে বলপ্রয়োগ করেছে, তা ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হলের ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ওই সময় হলের ভেতরে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রবেশ করে ছাত্রীদের ওপর নির্যাতন চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাম্প্রতিক ঘটনার বিবরণ দিয়ে জুমা বলেন, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। সেখানে পুলিশ এক ছাত্রীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বের করেছে। এমনকি পুরুষ পুলিশ সদস্যদের বিরুদ্ধে ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগও করেন তিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন এই নেত্রী।
পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা দেখবেন, এই পুলিশ জুলাইয়ের চেয়ে বেশি হিংস্র হয়েছে। শ্রমিক আন্দোলনে শ্রমিকদের মারছে, শিক্ষার্থীদের মারছে। কাকে মারবে, কাকে মারবে না, তাদের কোনো হুঁশ নেই।’
বিজ্ঞাপন
পুলিশের এমন আচরণের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও দাবি করেন জুমা। একই সঙ্গে পুলিশকে কেন এভাবে হিংস্র করে তোলা হচ্ছে, সেই প্রশ্নের জবাব চান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে ইনকিলাব মঞ্চের এই সদস্যসচিব বলেন, শিলংয়ে থাকতে ভালো লাগলে তিনি সেখানে ফিরে যেতে পারেন। তাঁর অধীন পুলিশ সদস্যরা কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে ছাত্রীদের ওপর বলপ্রয়োগ করছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান জুমা। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ তাদের তিন দফা দাবি নিয়ে চট্টগ্রামে কর্মসূচি পালন করছে।
বিজ্ঞাপন
এর আগে জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








