Logo

সামাজিক মর্যাদা নয়, দায়িত্ব গুরুত্বপূর্ণ আমানত: হামিদুর রহমান আযাদ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৭ নভেম্বর, ২০২৬, ১৫:০৯
সামাজিক মর্যাদা নয়, দায়িত্ব গুরুত্বপূর্ণ আমানত: হামিদুর রহমান আযাদ
ছবি: সংগৃহীত

দায়িত্বকে সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মানের বিষয় হিসেবে না দেখে গুরুত্বপূর্ণ আমানত হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আনুষ্ঠানিকতা বা কৃত্রিম সহযোগিতার পরিবর্তে ভালোবাসা, আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে একে অপরের পাশে দাঁড়ানো প্রয়োজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে জামায়াতের কার্যালয়ের বিআইএ হলরুমে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদারের শপথ গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ড. হামিদুর রহমান আযাদ বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে দায়িত্বশীলদের আত্মিক শক্তি এবং রুহানিয়াত বাড়াতে হবে। আত্মিক শক্তি দৃঢ় হলে কাজের মধ্যে বরকত আসবে এবং সংগঠনের কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। এ জন্য সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর ও সুসংহত রাখা, তৃণমূল পর্যায়ে গণভিত্তি গড়ে তোলা এবং সামাজিক কর্মকাণ্ডের পরিধি বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত জেলা আমীরকে শপথবাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

মুহাম্মদ শাহজাহান তাঁর বক্তব্যে বলেন, নৈতিকতা, আদর্শিক অবস্থান এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না। সংগঠনের অগ্রগতি ধরে রাখতে নেতৃত্বের প্রতি আনুগত্য, পারস্পরিক আস্থা ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক ময়দান শহীদের রক্তস্নাত ময়দান। এখানে দ্বীনের বিজয় প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীলদের ত্যাগ, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন তিনি। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন।

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, আমীরের দায়িত্ব কোনো ব্যক্তিগত পদমর্যাদা বা সম্মানের বিষয় নয়; বরং এটি গুরুদায়িত্ব ও আমানত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহর সাহায্য এবং সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করবেন। সাংগঠনিক লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতাও কামনা করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী এবং জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাস্টার নুরুচ্ছালাম, রফিকুল ইসলাম, ইউসুফ বিন আবু বক্কর, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা জামাল হোসাইনসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমীরদের নাম ঘোষণা করেন দলের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগঠনের রুকনদের গোপন ব্যালটে নির্বাচিত জেলা আমীরদের মধ্যে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর হিসেবে পুনর্নির্বাচিত হন। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD