Logo

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ১১:২২
নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
ছবি: সংগৃহীত

চব্বিশের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এটি তার প্রথম কোনো আবেদন।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। রয়টার্স সে চিঠি দেখার সুযোগ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুতির পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

প্রায় ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। তার দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন তার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক ও আইনি পরিস্থিতি তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর দেশত্যাগ এবং দুই বছরের বেশি সময় ভারতে অবস্থানের মধ্যে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD