অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নতুন দায়িত্ব পেলেন জাস্টিন ট্রুডো

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্টের ‘ডিস্টিংগুইশড ফেলো’ এবং ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে ট্রুডো সাবেক বিশ্বনেতাদের একটি আন্তর্জাতিক দলে অন্তর্ভুক্ত হলেন। এই দলে আগে থেকেই রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ট্রুডো। এরপর তিনি পদত্যাগ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অক্সফোর্ডে নতুন দায়িত্ব নিয়ে ৫৪ বছর বয়সী ট্রুডো জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের এক দশকের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা যেন শিক্ষা নিতে পারেন, সে চেষ্টা করবেন তিনি। তাঁর ভাষ্য, দায়িত্ব পালনকালে বিশ্বরাজনীতি ও প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে, যা বর্তমান বিশ্বকে অনেকটাই বদলে দিয়েছে।
ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্টের ডিন এনগায়রে উডস বলেন, সাবেক বিশ্বনেতাদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা ও শিক্ষা নেওয়ার সুযোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন ট্রুডো। চলতি মাসের শেষ দিকে তাঁর অক্সফোর্ড সফরের কথা রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে রাজনীতি থেকে সরে আসার পর বিনোদন জগতেও যুক্ত হয়েছেন কানাডার এই সাবেক প্রধানমন্ত্রী। সম্প্রতি নিজের সাবেক সহকারী কেটি টেলফোর্ডের সঙ্গে ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন তিনি।








