Logo

‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে গিয়ে মন্তব্য শুভেন্দুর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ১২:০৯
‘বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে’, সীমান্তে গিয়ে মন্তব্য শুভেন্দুর
ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার কথা জানিয়ে তিনি বলেছেন, বিএসএফের চোখের আড়াল হলেই অনুপ্রবেশের চেষ্টা হতে পারে।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।

সেখানে তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিখুঁত করা হবে। আমি ব্যক্তিগতভাবে সর্বশেষ ভাসমান আউটপোস্টটি পরীক্ষা করেছি—যেখান থেকে দূরবীন ব্যবহার করে এলাকাটি স্ক্যান করেছি—এবং বাংলাদেশের দিকে কিছুই দেখা যায়নি। তারা ওৎ পেতে বসে আছে, বিএসএফ ক্ষণিকের জন্য চোখের আড়াল হলেই সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানের বিষয় তুলে ধরে শুভেন্দু আরও বলেন, ‘বিএসএফ এবং পুলিশ একসঙ্গে মিলে ইতিমধ্যেই কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিয়েছে। আপনাদের চিন্তার কিছু নেই। আমরা একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেব না; সবাইকে খুঁজে বের করব। সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব—আমার কাছে সঠিক পরিসংখ্যান রয়েছে।’

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সীমান্তের নিরাপত্তাব্যবস্থা পুরোপুরি নিশ্ছিদ্র করা হবে।

বিজ্ঞাপন

শুভেন্দুর বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, বিএসএফ ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

তিনি বলেন, ‘তাদের সমালোচনা করা বা নীতিগত বিষয়ে প্রশ্ন তোলা এক জিনিস, কিন্তু সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের নেওয়া উচিত।’

কুণাল ঘোষ আরও প্রশ্ন তোলেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি সরকার এবং ত্রিপুরায় বিজেপির সরকার থাকা সত্ত্বেও কীভাবে সেখানে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তার প্রশ্ন, ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের প্রবেশের দায় কার? শুধু পশ্চিমবঙ্গকে দায়ী করা কতটা যৌক্তিক?

বিজ্ঞাপন

এ সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান তুলে ধরে তিনি বলেন, মমতা সব সময় বিএসএফ সদস্যদের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। ‘সর্বোপরি, তারা আমাদেরই ছেলে।’

এর আগে হিঙ্গলগঞ্জ কলেজের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সড়কপথে বিএসএফ ক্যাম্পে যান এবং ইছামতি নদীতে বাহিনীর স্পিডবোটে করে সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরে হিঙ্গলগঞ্জ থানার কালীপূজার উদ্বোধন করেন তিনি। এ সময় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD