Logo

নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস শুভেন্দুর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪
নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস শুভেন্দুর
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে ‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির আওতায় জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নিজেই রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধ্বংস করা ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ৩১ কোটি রুপি।

বিজ্ঞাপন

বিধাননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে অনুষ্ঠিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, রাজ্যকে মাদকমুক্ত রাখা তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। মাদকের অবৈধ কারবার ও উৎপাদন কোনোভাবেই সহ্য করা হবে না বলেও জানান তিনি।

শুভেন্দু বলেন, মাদকাসক্তির কারণে সমাজ ও পরিবার—উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেনসিডিল উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজ্য পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও স্পেশাল টাস্কফোর্সের যৌথ অভিযানে এসব ফেনসিডিল জব্দ করা হয়েছিল। পরে আদালতের অনুমোদনসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো ধ্বংস করা হয়।

এর আগে গত ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বুলডোজার চালিয়ে আরও প্রায় ২০ কোটি রুপি মূল্যের ২ লাখ বোতল ফেনসিডিল ধ্বংসের কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একই দিনে বাঁকুড়ায় যৌথ অভিযানে জব্দ করা মদ ও অন্যান্য মাদকদ্রব্যও ধ্বংস করা হয়।

অন্যদিকে সল্টলেকের মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে ৩৩টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে জমি বরাদ্দের অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিন বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নেওয়া এসব শিল্প প্রকল্পে প্রায় ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগ এবং ৬২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে রাজ্য সরকার সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: সংবাদ প্রতিদিন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD