বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী

বাংলাদেশ থেকে কোনো ধর্মীয় বক্তাকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
শুভেন্দুর দাবি, তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে আসতেন। তবে বিজেপি সরকারের আমলে এ ধরনের প্রবেশের সুযোগ আর দেওয়া হবে না বলে জানান তিনি।
বক্তব্যে দুই বছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক বক্তার কথিত বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু। তার দাবি, ওই বক্তা জনসংখ্যা বাড়িয়ে জনবিন্যাস পরিবর্তনের কথা বলেছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুভেন্দু বলেন, “আমি আপনাদের শুনিয়ে দিতে পারি, বাংলাদেশ থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে—এই সরকার আসার সময় নয়, কারণ এই সরকার তো ওই ধরনের তথাকথিত হুজুরদের এখানে ঢুকতেই দেবে না, দু'বছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক হুজুর বলছেন যে—‘আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমরা জনবিস্ফোরণ করে পারমাণবিক অস্ত্রকেও ধ্বংস করে দিতে পারি।’ তা তিনি এখানে এসে জনবিস্ফোরণের কথা বলছেন, ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দেওয়ার কথা বলছেন। তাই এই মাটিতে আধ্যাত্মিক জাগরণের খুব দরকার ছিল।”
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই দেশটি নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসছেন শুভেন্দু। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ বা তথ্যের উল্লেখ করা হয়নি।








