Logo

নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের ওপর নরক নামিয়ে আনা হবে: আব্বাস আরাগচি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬, ১৪:২২
নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের ওপর নরক নামিয়ে আনা হবে: আব্বাস আরাগচি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা শুরু করলে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওয়াশিংটন আবার হামলা চালালে যুক্তরাষ্ট্রের ওপর ‘নরক নামিয়ে আনবে’ তেহরান। একই সঙ্গে আট মাস ধরে চলা দুই দেশের যুদ্ধ বন্ধে আলোচনার জন্য নতুন প্রস্তাবও দিয়েছে ইরান।

বিজ্ঞাপন

গত রবিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আব্বাস আরাগচি। তিনি জানান, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব এখনো কার্যকর রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষ প্রস্তাবের শর্ত মেনে চললে আলোচনায় অগ্রগতি সম্ভব।

অন্যদিকে, ইরানে আবারও হামলা চালানোর সম্ভাবনা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে শক্তিশালী কোনো চুক্তি করা সম্ভব হবে কি না, তার ওপর যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। তবে প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান চালানো হবে।

ইরানে এরই মধ্যে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি হামলা পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি অনুযায়ী এসব রণতরি ব্যবহার করে নতুন করে অভিযান চালানোর কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ইরানের ৩৮টি সেতু যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যে এসব সেতু ধ্বংস করতে সক্ষম।

এদিকে, গত রবিবারদেওয়া আরেক বিবৃতিতে আব্বাস আরাগচির বক্তব্য প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ইরানে আবারও হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও অন্যান্য লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

একই দিন যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। প্রতিপক্ষ কোনো ভুল করলে তার জবাব হবে ভয়াবহ ও কঠোর।

আলী বেলালি আরও দাবি করেন, রমজান যুদ্ধের পর ইরান নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে। পাশাপাশি আগামী কয়েক বছরের জন্য প্রয়োজনীয় অস্ত্রের মজুতও গড়ে তোলা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্রেটিক পার্টির হাতে যাওয়ায় রাজনৈতিক চাপে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচনের কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা পিছিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আব্বাস আরাগচি।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD