ইরানে নতুন হামলা নিয়ে সুর নরম করল ট্রাম্প, কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত বন্ধে আলোচনা এগিয়ে গেলে ইরানে নতুন হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৯১ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ১ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৯ ডলার ৮৫ সেন্টে।
এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ কমেছিল। করোনাভাইরাস মহামারি শুরুর পর এক সপ্তাহের হিসাবে এটিই ছিল আন্তর্জাতিক বাজারে তেলের দামের সবচেয়ে বড় পতন।
ভারতের নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেভা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি। তবে সংঘাত কমে আসার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে।
বিজ্ঞাপন
তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেলের বাজারে ভূরাজনৈতিক ঝুঁকি থেকেই যাবে বলে মনে করেন তিনি। ফলে সংঘাত প্রশমনের ইঙ্গিত পাওয়া গেলেও বাজারের অনিশ্চয়তা এখনো কাটেনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত রোববার ট্রাম্প বলেন, সংঘাত বন্ধে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে গেলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
অন্যদিকে, ইরান জানিয়েছে, তাদের ওপর নতুন করে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে।
বিজ্ঞাপন
বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, ইরান নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য আগের তুলনায় অনেকটাই সংযত। তবে মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাতের বিষয়ে তাঁর অবস্থানে স্থায়ী কোনো পরিবর্তন এসেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে বিনিয়োগ ব্যাংক জেপি মরগানের বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বৃদ্ধি, অন্যান্য উৎপাদনকারী দেশের উৎপাদন বাড়ানো এবং চাহিদা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের উদ্বৃত্ত তৈরি হচ্ছে।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বিশ্ববাজারে প্রতিদিন তেলের উদ্বৃত্ত ছিল ১১ লাখ ব্যারেল। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ব্যারেলে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








