তসলিমা নাসরিনকে নিরাপত্তার দায়িত্ব আমার: শুভেন্দু

বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিজের বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের পুলিশমন্ত্রী হিসেবেও তার দায়িত্ব রয়েছে তসলিমার নিরাপত্তা নিশ্চিত করার।
বিজ্ঞাপন
গত দুই দিন ধরে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তসলিমা নাসরিন। শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে আমন্ত্রিত না থাকলেও সেখানে হঠাৎ উপস্থিত হন শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানে তসলিমা নাসরিনকে স্বাগত জানানোর পাশাপাশি তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের একটি ছবি তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ সময় তিনি লেখিকার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিজের বলে উল্লেখ করেন।
শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত রয়েছে। এখানে সবাই আসতে পারেন এবং নিজের মত প্রকাশের স্বাধীনতাও রয়েছে। তসলিমা নাসরিন শুক্রবার (৩১ জুলাই) পশ্চিমবঙ্গে এসেছেন এবং শনিবার একটি কর্মসূচিতে অংশ নিয়েছেন—এর মধ্য দিয়ে গণতন্ত্র, সংবিধান, বাক্স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে এখন ধমক, ভয় দেখানো কিংবা কাউকে আটকে দেওয়ার মতো পরিস্থিতি নেই; এসব বিষয় অতীত হয়ে গেছে।
তসলিমা নাসরিনকে উদ্দেশ করে শুভেন্দু অধিকারী বলেন, তিনি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না। তবে তসলিমা উপস্থিত থাকায় তাকে বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গে তাকে স্বাগত জানিয়ে লেখিকাকে বারবার রাজ্যে আসার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
শুভেন্দু বলেন, তসলিমা নাসরিন একজন লেখিকা এবং তার লেখার পাঠক ও গুণগ্রাহীর সংখ্যা অনেক। পশ্চিমবঙ্গ তার জন্য নিরাপদ এবং সেখানে তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তার।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে শুধু নেতৃত্বের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।








