ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ পেল ভারতের টাটাসহ জাপানের দুই প্রতিষ্ঠান

ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের দায়িত্ব পেয়েছে ভারতের টাটা প্রোজেক্টস ও জাপানের দুটি প্রতিষ্ঠান। যৌথভাবে প্রকল্পটির ৫ দশমিক ২ কিলোমিটার অংশের নির্মাণকাজ করবে টাটা প্রোজেক্টস, নিশিমাতসু কন্ট্রাকশন ও টোডা কর্পোরেশন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রতিষ্ঠান তিনটিকে এই কাজের দায়িত্ব দিয়েছে।
চুক্তির আওতায় ভূগর্ভস্থ অংশের বিভিন্ন ধরনের সিভিল ওয়ার্ক সম্পন্ন করা হবে। এর মধ্যে রয়েছে নির্মাণকাজের ফিনিশিং, মেকানিক্যাল, বৈদ্যুতিক ও প্লাম্বিং-সংক্রান্ত কার্যক্রম। পাশাপাশি মাটির নিচে তিনটি স্টেশন নির্মাণ করা হবে। স্টেশনগুলো হলো—খিলক্ষেত, বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ও বিমানবন্দর স্টেশন।
প্রকল্পের অংশ হিসেবে মেট্রোরেল লাইনের উত্তর প্রান্তে একটি গভীর কূপও নির্মাণ করা হবে।
বিজ্ঞাপন
টাটা প্রোজেক্টস এক বিবৃতিতে কাজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিশিমাতসু কন্ট্রাকশন ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে ডিএমটিসিএলের কাছ থেকে ঢাকা মেট্রো নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ ‘কন্ট্রাক্ট প্যাকেজ সিপি০৬’-এর দায়িত্ব পেয়েছে তারা।
প্রকল্পটির অর্থায়ন ও বাস্তবায়নে সহায়তা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)। ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে নতুন এই মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে।
উল্লেখ্য, টাটা প্রোজেক্টস ভারতের টাটা গ্রুপের একটি প্রতিষ্ঠান। গাড়ি উৎপাদনের পাশাপাশি টাটা গ্রুপ জ্বালানি পরিশোধন ও পেট্রোকেমিক্যাল খাতেও ব্যবসা পরিচালনা করে।








