অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং মিয়ানমারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠাতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগের সম্ভাবনা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
একইভাবে তারেক রহমানকেও অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান আলবানিজ। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে অস্ট্রেলিয়া যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
জলবায়ু ইস্যুতে আলোচনায় তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল এবং বিশেষ করে অধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। এ সময় কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার বিষয়টিও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশে বর্তমানে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ ছাড়া দুই দেশের সরকারপ্রধান কৃষি খাতের উন্নয়ন ও সহযোগিতার বিষয়েও আলোচনা করেন।
বিজ্ঞাপন
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার আরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের সূত্রপাত মিয়ানমারে। ফলে এ সমস্যার স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। তাই রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বিজ্ঞাপন
এ ছাড়া পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খননের মতো উদ্যোগের বিষয়ও আলোচনায় আসে।








