হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, এ ধরনের হামলা চালিয়ে তাদের আন্দোলন ও রাজনৈতিক অবস্থান থেকে সরিয়ে রাখা সম্ভব নয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নুসরাত তাবাসসুমের দাবি, তার বাড়িতে হামলার ধরন দেখে এটি পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানান তিনি। ব্যক্তিগতভাবে এ ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন এই সংসদ সদস্য।
তিনি বলেন, “দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তী সময়েও থাকবো। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।”
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তাকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে ও পরেও একাধিকবার হুমকি পেয়েছেন তিনি। এসব ঘটনার বিবরণ দিয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে জিডি করার পরও হুমকি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তার ভাষ্য অনুযায়ী, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়, যা তার কাছে হুমকি বলেই মনে হয়েছে।
ঘটনার সময় সম্পর্কে তিনি বলেন, সিসিটিভির সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ধরন দেখে পেট্রল বোমা হামলার মতো মনে হয়েছে। তবে চূড়ান্তভাবে কিছু বলার আগে তদন্তের প্রয়োজন রয়েছে।
বাড়িটি পরিত্যক্ত ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত তথ্যও নাকচ করেন তিনি। নুসরাত জানান, সেখানে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। পরিবারটি বাড়িটির দেখাশোনা করত এবং তাদের পরিবারেরই অংশ হয়ে উঠেছিল।
বিজ্ঞাপন
নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটির ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, বাড়িটি তার দাদার তৈরি। সেখানে তিনি ও তার ছোট ভাই বড় হয়েছেন। বাবা-মাও এই বাড়িতেই সংসার করেছেন। বর্তমানে সেখানে গবাদিপশুর খামার ছিল। আত্মীয়স্বজনের পাশাপাশি বসবাস করত ওই অসহায় পরিবারটিও। অগ্নিকাণ্ডে পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে।
পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ জানান এই সংসদ সদস্য। তিনি বলেন, খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে আনুমানিক রাত ১টা বেজে যায়। অর্থাৎ ঘটনার প্রায় এক ঘণ্টা পর তারা সেখানে উপস্থিত হন। পুলিশের পক্ষ থেকে পাহারার ব্যবস্থা করা হলেও সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত আলামত সংগ্রহ করা সম্ভব হয়নি। অন্যদিকে, দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দমকল বাহিনী পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত তদন্তের আহ্বান জানিয়ে নুসরাত বলেন, ঘটনার পর যথেষ্ট সময় পেরিয়ে গেছে। এখন দ্রুত আলামত সংগ্রহ করে কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে হবে। এ ঘটনায় কোনো ধরনের অস্বীকার বা দায় এড়ানোর চেষ্টা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সংসদ সদস্য কিংবা নীতিনির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিদের জীবনও সাধারণ মানুষের মতোই অনিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে একজন চালক আহত হওয়ার ঘটনার সঙ্গে নিজের বাড়িতে হামলায় শিশুর আহত হওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
নুসরাতের বক্তব্য, দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদ ছেড়ে দেওয়া উচিত। শুধু সংসদে বক্তব্য দেওয়া কিংবা পরিস্থিতির অবনতি অস্বীকার করলেই বাস্তবতা বদলে যাবে না।
তিনি আরও বলেন, বিরোধী দলের একজন বর্তমান সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এভাবে পরপর চারটি পেট্রল বোমাসদৃশ বিস্ফোরণের ঘটনা নজিরবিহীন। জুলাই আন্দোলন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যও ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে নুসরাত জানতে চান, এ ধরনের হামলার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব ও করণীয় কী।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং অগ্নিসংযোগের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, হামলার আগে আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনকে দায় স্বীকারের মতো পোস্ট দিতে এবং উল্লাস করতে দেখেছেন বলেও দাবি করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে নুসরাত বলেন, “আমি মনে করি খুনি হাসিনা খুব স্টুপিড একটা মানুষ। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে।”
বিজ্ঞাপন
স্থানীয় কোনো বিরোধ থেকে হামলার ঘটনা ঘটতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজের এলাকার মানুষকে তিনি সন্দেহ করছেন না। তবে ব্যক্তিগতভাবে এ ঘটনার পেছনে আওয়ামী লীগ রয়েছে বলেই মনে করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তারা গবাদিপশু রাখার ঘরে আগুন জ্বলতে দেখেন।
আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে গবাদিপশুগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নেভান। এ ঘটনায় কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে। তবে সংসদ সদস্যের পরিবারের অন্য সদস্যদের কোনো ক্ষতি হয়নি।








