হাসিবের ওপর হামলা, স্ত্রীকে রেখে দৌড়ে প্রাণে বাঁচলেন ছাত্রশক্তির নেতা

জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের সামনে এ হামলা হয়। হামলাকারীদের হাত থেকে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি। পরে আহত অবস্থায় তার চিকিৎসা নেওয়ার খবর জানিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি।
বিজ্ঞাপন
রিসোর্ট সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তার চেকআউট করার কথা ছিল। তবে তার আগেই সকালে রিসোর্টের গেটের সামনে হামলার ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাননি বলে জানা গেছে।
বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন কালবেলা অনলাইনকে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দম্পতি পরিচয়ে এক নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। তবে হামলার পর থেকে আত্মরক্ষায় আত্মগোপনে চলে গেছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব। রুম নাম্বার ১১৮-এর অগ্নিবীণায় অতিথি হিসেবে ছিলেন তারা।’
বিজ্ঞাপন
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে অটোরিকশায় কোথাও যাচ্ছিলেন হাসিব। পথে কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে তার ওপর হামলা চালান। এ সময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান তিনি।
ভিডিওতে হামলাকারীদের একজনকে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিতে শোনা যায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে সন্ত্রাসী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। হামলায় হাসিব আহত হয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞাপন
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাহিদ আহসান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি সরকারকে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।








