Logo

‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হবে না’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৯:২১
‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হবে না’
ছবি: সংগৃহীত

বোমাবাজি, বাসে অগ্নিসংযোগ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, সহিংসতার মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়। বরং এসব কর্মকাণ্ডে আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ আরও বাড়বে এবং জুলাইয়ের সব শক্তি আবারও ঐক্যবদ্ধ হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে সেখানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেটলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব?

তিনি বলেন, জনগণকে ভয় দেখিয়ে রাজনীতি করার কৌশল পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতায় নিরীহ ও অরাজনৈতিক নেতাকর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের সঙ্গে সরকারের সংঘাত-সংঘর্ষের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। সংঘাতের রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই মঙ্গল বয়ে আনে না।

বিজ্ঞাপন

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আজ শেখ হাসিনা মানেই আতঙ্ক, শেখ হাসিনা মানেই সন্ত্রাসের প্রতীক। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করার ঘটনাও ছাত্র-জনতা ভুলে যাবে না।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সহিংসতা চালাবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।

মঞ্জু বলেন, মোবাইল ও কম্পিউটারে ব্যস্ত থাকা জেন-জিরাই একসময় রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের প্রতি সহানুভূতিশীল এবং আড়ালে থাকা সমর্থকেরাও বিপাকে পড়বেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাসের মাধ্যমে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি। মঞ্জু বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। ‘আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম আছি। আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবার ঐক্যবদ্ধ করবে।’

সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে তারা দেখেছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আগে আসেনি কি না, তা স্পষ্ট করতে হবে। এসব নাশকতা ঠেকাতে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, তার জবাবও দিতে হবে।

সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হলে জুলাইয়ের সব শক্তিকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠনের ঘোষণা দেন মঞ্জু। তিনি বলেন, সম্মিলিতভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করা হবে। প্রতিটি ঘটনার দায় সরকার ও ফ্যাসিবাদী শক্তিকেই নিতে হবে।

বিজ্ঞাপন

দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান। এ সময় এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD