Logo

আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৪:২৪
আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট নতুন করে ইস্যু করার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে সাজা কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান চিফ প্রসিকিউটর।

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। এই বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে (মোরাল টারপিচুড) দোষী সাব্যস্ত হলে এবং ওই অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড পেলে তাঁর পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে।

তিনি আরও জানান, একই আইনের ৭ অনুচ্ছেদে পাসপোর্ট জব্দ কিংবা বাতিলের বিধান রাখা হয়েছে। নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করার আইনগত ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রয়েছে।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের আওতাভুক্ত হওয়ায় আইন অনুযায়ী তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছে। ফলে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আমিনুল ইসলাম বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ১ নম্বর উপধারার বিভিন্ন বিধানেও দণ্ডিত ব্যক্তিদের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে বাধা রয়েছে। এ কারণে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ইস্যু করতে পাসপোর্ট কর্তৃপক্ষের আইনগত সুযোগ নেই।

অন্যদিকে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের নির্ধারিত সময়সীমা রয়েছে। শেখ হাসিনা ওই সময়ের মধ্যে আপিল না করায় এখন দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এরপর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সম্প্রতি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিষয়ে তাঁর পক্ষে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠানোর খবর প্রকাশিত হয়। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি।

তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে সরকার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD