Logo

পদ্মার পাড়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
৯ নভেম্বর, ২০২৬, ১৫:২৮
পদ্মার পাড়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায়ে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা কালেক্টরকে।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খান (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৮)। তারা সবাই ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের ধলার মোড় ও আশপাশের এলাকার বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেসবুকে পরিচিত এক বন্ধুর সঙ্গে দেখা করতে এবং ঘুরতে পদ্মার পাড়ে যান ওই তরুণী। বন্ধুটি পৌঁছানোর আগেই তিনি একা নদী পার হয়ে পদ্মার অপর পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় তাকে একা পেয়ে আট যুবক কাশবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার প্রায় আট মাস পর ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে শাহীন শেখকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ২০২০ সালের ৫ আগস্ট ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন। তিনি বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে গণধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তের দায়িত্বে ছিলেন ফরিদপুর ডিবির উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। এতে এজাহারভুক্ত সাত আসামির পাশাপাশি রিয়াজ শিকদারকে অন্তর্ভুক্ত করে মোট আটজনকে অভিযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। কোনো সভ্য সমাজে এ জাতীয় কোনো ঘটনা মেনে নেওয়া যায় না। রাষ্ট্রপক্ষ যুক্তিতর্কের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজে এই বার্তা দেওয়া যায় যে অপরাধী যত কৌশলী কিংবা ধূর্ত হন না কেন তাদের পার পাওয়ার কোনো উপায় নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD