Logo

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ারের ২ দিনের রিমান্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৫:৪১
ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ারের ২ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হাফিজুর রহমান আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিতে দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন এর বিরোধিতা করেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি আলাদা করা এবং জমির নকশা তৈরির কাজ করে দেওয়ার কথা বলে অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল ইসলাম।

বিজ্ঞাপন

মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি নিয়েছিলেন। জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন তিনি। কিন্তু প্রায় ছয় মাসেও কাজ সম্পন্ন না হওয়ায় একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাকে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে কথা বলতে বলা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে ঘুষ দাবির বিষয়টি দুদককে জানান মনিরুল ইসলাম। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে এক লাখ টাকা দেন মনিরুল। টাকা গ্রহণের পর তিনি তা নিজের ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুদকের ফাঁদ দলের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।

বিজ্ঞাপন

পরে ওই টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের একটি খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটগুলোর নম্বরের সঙ্গে অভিযোগকারীর দেওয়া টাকার নম্বরের মিল পাওয়া যায়। দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে আসাদুল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা উল্লেখ করা হয়েছে।

ঘুষের অর্থ গ্রহণের ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং এর পেছনে আরও কোনো তথ্য রয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল দুদক। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD