বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: শফিকুর রহমান

কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করার ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার প্রশ্নই আসে না।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধির বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, যারা জামায়াতের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলছেন, তাদেরই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠকের নজির রয়েছে। এমনকি সংশ্লিষ্ট এজেন্সির দেশে গিয়ে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ এবং নিজেদের দলের অতীত নীতি ভুল ছিল বলে স্বীকার করার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানান জামায়াত আমির। তিনি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যের ভিত্তিতেই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য ধন্যবাদ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তাঁকে উদ্ধৃত করে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার প্রসঙ্গ তোলায় আপত্তি জানান তিনি। একই সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়া থাকার অভিযোগের বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক সচিব মর্যাদার ২৪ ঘণ্টার একজন ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে সেই অভিযোগের প্রমাণ প্রকাশ করতে হবে। এ বিষয়ে আগেও তাঁরা চ্যালেঞ্জ জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না। যারা এসব কথা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন। তারা আত্মগোপনে আছেন, বিষয়টি গোপনও নয়, প্রকাশ্য।’
বিজ্ঞাপন
বর্তমান রাষ্ট্রপতির বক্তব্যের প্রসঙ্গও সংসদে তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, বর্তমান রাষ্ট্রপতি মহোদয়ও প্রকাশ্যে এ ধরনের কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেবো। আমরা তো এসব কথা বলিনি।
নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, গত ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে দাবি করা হয়েছে, তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। অথচ ওই ২২ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। বক্তব্যের ভিডিও এখনো রয়েছে এবং যে কেউ তা যাচাই করতে পারবেন।
এ সময় তাঁকে নিয়ে নিয়মিত বিভিন্ন বক্তব্য দেওয়া এক ব্যক্তির সমালোচনাও করেন তিনি। বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা তাঁদের পেছনে লেগে আছেন। সন্ধ্যায় এক কথা, রাতে আরেক কথা, পরদিন সকালে ও দুপুরে ভিন্ন বক্তব্য দিচ্ছেন। এমন ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে জামায়াতকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগে জড়ানো গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
মাদক নিয়ন্ত্রণের বিষয়েও সংসদে সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, মাদক নির্মূলের পক্ষে জামায়াত। তবে প্রশ্ন হচ্ছে, মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব যাঁদের, তাঁরা নিজেরাই যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন, তাহলে পরিস্থিতি কীভাবে সামাল দেবেন?
এ প্রসঙ্গে সংসদের এক জ্যেষ্ঠ সদস্যের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, আগে ফ্যাসিস্টরা মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, এখন তাঁদের দলের কিছু নেতা মাদক নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি আরেক জ্যেষ্ঠ সদস্যের বক্তব্য উদ্ধৃত করে তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান যায়।
বিরোধী দল হিসেবে সমালোচনা করার পরিবর্তে সরকারি দলের সংসদ সদস্যদের বক্তব্যই তুলে ধরছেন বলে জানান তিনি। তাঁর মতে, মাদকের চালান দেশের ভেতরে নিয়ন্ত্রণের আগে সীমান্ত দিয়ে এর প্রবেশ বন্ধ করা জরুরি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাতীয় ঐক্যের প্রসঙ্গে ফিরে জামায়াত আমির বলেন, এই জাতিকে আবার ফ্যাসিবাদের যন্ত্রণার মধ্যে ঠেলে দেওয়া উচিত হবে না। কার দুর্বলতায় ফ্যাসিবাদী শক্তি কতটা সুযোগ পাচ্ছে, সেই বিচার জনগণের ওপর ছেড়ে দিতে হবে। সংসদে ভবিষ্যতে যেসব অভিযোগ ও বক্তব্য উঠবে, সেগুলোর ভিত্তিতে কার্যকর পদক্ষেপ দেখতে চান তাঁরা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তাঁর ৫২ বছরের রাজনৈতিক জীবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেই শুনতে হয়েছে, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হচ্ছে।
তিনি বলেন, ‘এই ভালো হতে হতে এখন আমেরিকাও হতে পারলাম না, ইংল্যান্ডও হতে পারলাম না। সেই বাংলাদেশই রয়ে গেলাম। আমরা বাংলাদেশই থাকতে চাই। অন্য কোনো দেশ হতে চাই না, অন্য কোনো দেশের অধীনতাও স্বীকার করতে চাই না। কারও আধিপত্যবাদ আমরা বরদাশত করব না। তবে বাংলাদেশটা বাংলাদেশের মতো বাংলাদেশ হোক।’
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া হত্যাকাণ্ডের পরিসংখ্যান নিয়েও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, মন্ত্রী জানিয়েছেন, হত্যাকাণ্ডের সংখ্যা ২২ থেকে কমে ১২-তে নেমেছে। এই উন্নতির জন্য বিরোধী দলের প্রশংসা করা উচিত বলে তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল হাততালি না দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তিনবার হাততালি দিয়েছেন। তবে ভবিষ্যতে হত্যাকাণ্ডের সংখ্যা শূন্যে নেমে এলে মন্ত্রী যতটা হাততালি চাইবেন, বিরোধী দল ততটাই দেবে। তখন সবাই সম্মিলিতভাবে হাততালি দেবেন বলেও মন্তব্য করেন তিনি।








