আইইডিসিআর পরিচালককে মারধর নিঃসন্দেহে সীমালঙ্ঘন: জামায়াত আমির

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের ঘটনাকে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
স্ট্যাটাসে শফিকুর রহমান বলেন, “এটি নিঃসন্দেহে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ। এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হতেই হবে। তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনো অবস্থাতেই উঠে দাঁড়াতে পারবে না।”
বিজ্ঞাপন
জামায়াত আমিরের ভাষ্য, সূত্রের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা দলবদ্ধভাবে পরিস্থিতি তৈরি করে এ ঘটনা ঘটিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, “সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে?”
শফিকুর রহমান আরও বলেন, দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। রাড্ডা মেডিকেল সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনো তাজা বলে উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “সেই অবস্থায় সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতাকর্মীরা আজকে যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন।”
বিজ্ঞাপন
আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে মারধরের অভিযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন জামায়াত আমির।









