Logo

আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে সরকার বিব্রত: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, ১৮:১২
আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে সরকার বিব্রত: রিজভী
ছবি: সংগৃহীত

অপরাধ দমনে ক্রসফায়ারের মতো আইনবহির্ভূত পদ্ধতি ফিরিয়ে আনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এ-সংক্রান্ত বক্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা শিবির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

আইজিপির বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। এমন পরিস্থিতিতে ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তার বক্তব্য উদ্বেগ তৈরি করেছে। এটি সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

রিজভী বলেন, অপরাধ নিয়ন্ত্রণে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। এসব আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। আইনবহির্ভূত পন্থা অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। তাই পুলিশকে প্রচলিত আইনের আওতায় থেকেই দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ১৭ বছর গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের জন্য নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে যুবসমাজের দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দেন রিজভী। তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কোনোভাবেই টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে জড়ানো যাবে না। যুবকদের কর্মকাণ্ডে যেন সাধারণ মানুষ আতঙ্কিত না হয়, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তরুণদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD