সারাদেশে সার ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: হাসনাত

সারা দেশে সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ডিলারশিপ বরাদ্দে স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে সুপারিশ এবং সংসদ সদস্যদের আত্মীয়স্বজনকে সুবিধা দেওয়ার বিষয়টি তুলে ধরে এ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব অভিযোগ উত্থাপন করেন হাসনাত আবদুল্লাহ। সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করতে গিয়ে কৃষিমন্ত্রীর কাছে সার ডিলার নিয়োগের অনিয়মের ব্যাখ্যা চান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে ২৮ জন ডিলারের সবাই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতাদের স্ত্রী, সন্তান ও ভাগনি। নাটোরে এক ছাত্রদল নেতাকে এক সংসদ সদস্যের সন্তানের হাতে কুপিয়ে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সন্তানও সার ডিলারশিপ পেয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সংরক্ষিত আসনের কোনো কোনো সংসদ সদস্য অর্থের বিনিময়ে ডিও (আধা সরকারি পত্র) দিয়েছেন। ১৫টি ইউনিয়নের বিপরীতে কেউ কেউ ৩০টি পর্যন্ত ডিও দিয়েছেন। সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগনিদেরও ডিলারশিপ দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও যাতে নতুন করে ব্যবসার সুযোগ পান, মন্ত্রণালয় থেকে সেই ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
এসব নিয়োগ পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে কি না এবং বরাদ্দ করা ডিলারশিপগুলো পুনরায় যাচাই করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান এই সংসদ সদস্য।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ডিলার নিয়োগের ক্ষেত্রে ‘উৎসব’ শব্দের প্রসঙ্গ তুলে বলেন, তারা চান মানুষ উৎসবের মতো করে ডিলার নিয়োগে অংশ নিক। তিনি বলেন, উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন...
মন্ত্রীর বক্তব্যের এ পর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে হট্টগোল শুরু করেন।
বিজ্ঞাপন
পরিস্থিতির মধ্যেই কৃষিমন্ত্রী জানান, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির প্রধান জেলা প্রশাসক (ডিসি)।
তিনি জানান, ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছিল। নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। প্রথমে আবেদন জমা পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে। পরে সেখান থেকে আবেদনগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে। এরপর উপজেলা পর্যায়ের সুপারিশ জেলা কমিটিতে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী।
বিজ্ঞাপন
এ সময় বিরোধী দলের সদস্যদের হট্টগোল অব্যাহত থাকায় হস্তক্ষেপ করেন ডেপুটি স্পিকার। তিনি বিরোধী দলের চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, সংসদ সদস্যদের যেমন প্রশ্ন করার অধিকার রয়েছে, তেমনি মন্ত্রীরও জবাব দেওয়ার অধিকার রয়েছে। বিরোধীদলীয় নেতা অনুপস্থিত থাকায় সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব চিফ হুইপের বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে উত্তেজনা অব্যাহত থাকে। একপর্যায়ে বিরোধী দলের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।’
পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে সংসদের পরিস্থিতি শান্ত হয়।








