Logo

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আলামত পায়নি পুলিশ

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১২ নভেম্বর, ২০২৬, ১২:১৯
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আলামত পায়নি পুলিশ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন তিনি। তবে ঘটনাস্থলে এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান গণমাধ্যমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, আগুনে বাড়িতে থাকা দুটি ছাগল পুড়ে মারা গেছে। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।

ওসি বলেন, রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে নুসরাত তাবাসসুম ফোন করে তাকে বাড়িতে আগুন লাগার খবর দেন। পরে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে অবস্থান করেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম দাবি করেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও লেখেন, "এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।"

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, "এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী স/ন্ত্রাসীরা।"

তবে রাজনৈতিক নেতাদের অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পায়নি পুলিশ।

বিজ্ঞাপন

ওসি মোহাম্মদ খালেদুর রহমান বলেন, "তবে, আমরা অনুসন্ধান করছি যে যদি এটা বোমা হয়, তাহলে এখানে কারা জড়িত আছে। এটা তো মূলত ফায়ার সার্ভিসই বলে যে কীভাবে আগুন লেগেছে। তারা এখন পর্যন্ত কোনো মতামত দেয় নাই।"

তিনি আরও বলেন, "আর পল্লী বিদ্যুতের লোকও এসেছিলেন। তারাও পরীক্ষা-নিরীক্ষা করছেন যেন এটা শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি অন্য কিছু। পল্লী বিদ্যুৎও এখনো ফলাফল দেয়নি।"

পেট্রোল বোমা হামলার ক্ষেত্রে কী ধরনের আলামত পাওয়া যেতে পারে, সে বিষয়ে ওসি বলেন, "পেট্রোল বোমার ক্ষেত্রে গ্লাস বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়। এক্ষেত্রে এগুলোর কোনোকিছু পাওয়া যায়নি। এ নিয়ে আরও অনুসন্ধান চলতেছে।"

বিজ্ঞাপন

আগুনে পুড়েছে দুটি ছাগল, ক্ষতিগ্রস্ত পুরোনো বাড়ি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান মধ্যপাড়া এলাকায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িটি অবস্থিত। ওসি খালেদুর রহমানের ভাষ্য অনুযায়ী, বাড়িটি তার দাদার তৈরি পুরোনো স্থাপনা। বর্তমানে সেখানে কেউ বসবাস করেন না। মূলত গোডাউন হিসেবে বাড়িটি ব্যবহার করা হতো।

প্রায় আটটি কক্ষের ওই বাড়িতে হাঁস-মুরগি, গরু ও ছাগল রাখা হতো। পাশাপাশি পুরোনো আসবাবপত্র, পশুখাদ্য এবং খড়কুটাসহ বিভিন্ন ধরনের দাহ্য সামগ্রী মজুত ছিল। এসব কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে প্রায় ২০ মিনিটের দূরত্বে নুসরাতের পরিবারের তিনতলা আরেকটি বাড়ি রয়েছে। সেখানে তার মা-বাবা বসবাস করেন। ওই বাড়ির চারপাশে সিসি ক্যামেরা থাকলেও আগুন লাগা পুরোনো বাড়িটিতে কোনো নজরদারি ক্যামেরা ছিল না বলে জানিয়েছেন ওসি।

আগুনে দুটি ছাগল মারা গেলেও অন্য গবাদিপশুগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। বাড়ির তত্ত্বাবধায়কও অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছেন।

কোটা আন্দোলন থেকে জাতীয় রাজনীতিতে নুসরাত

বিজ্ঞাপন

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সমন্বয়ক হিসেবে পরিচিতি পান নুসরাত তাবাসসুম। ওই আন্দোলনের সময় আরও কয়েকজন সমন্বয়কের সঙ্গে তাকেও গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নিয়ে কার্যালয়ে আটক রাখা হয়েছিল।

পরবর্তী সময়ে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন এবং জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। চলতি বছর জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD