বিকল ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, ঝরল তিন প্রাণ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ডভ্যানচালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানা গেছে, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। কাভার্ডভ্যানে থাকা তিনজনই গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।








