বাড়ি ফেরার পথে সড়কে রক্তাক্ত বাবা, ছেলের চোখের সামনেই মৃত্যু

মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। পথে হঠাৎ মহাসড়কে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখেন নিজের বাবাকে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়ায়। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বাবুল দে (৬৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। ডুলাহাজারা বাজারে তাঁর একটি ওষুধের দোকান ছিল।
হাইওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাতপরিচয় কোনো গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ফার্মেসি বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন বাবুল দে। একই সময়ে তাঁর ছেলে রনি দে অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
বিজ্ঞাপন
পথে উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় পৌঁছে মহাসড়কের ওপর বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন রনি। বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলে গিয়েছিল। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান ছেলে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় শোকাহত ছেলে রনি দে বলেন, ‘ধারণা করছি কোনো গাড়ির ধাক্কায় আমার বাবা নিহত হয়েছেন।’
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাবুল দের মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে থানার আরেক উপপরিদর্শক খোকন চন্দ্র দাশ সেখানে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহ থানায় নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যদের ইচ্ছা ও চাওয়া অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।








