কুবি শিক্ষার্থী সুমাইয়া ও মায়ের হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তাঁর মা তাহমিনা বেগম (৫২) হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে (২৯) পৃথক দুই অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০০৩)-এর ৯(২) ধারা অনুযায়ী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে মোবারককে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, তাহমিনা বেগমকে হত্যার দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ধারায় তাঁকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল হোসেন, নিহতদের পরিবারের সদস্য এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রায় আড়াই মাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক শেষ হয়। এরপর আদালত ৫ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন। তবে সেদিন রায় প্রস্তুত না হওয়ায় পরবর্তী তারিখ হিসেবে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পরপরই সন্দেহভাজন হিসেবে মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেপ্তারের পরদিন ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোবারক। সেখানে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
মামলার নথিতে উল্লেখ রয়েছে, ঝাড়ফুঁক করানোর সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়েছিল। সেই পরিচয়ের সুবাদে হত্যাকাণ্ডের আগে প্রায় এক মাস ধরে ওই বাসায় তাঁর যাতায়াত ছিল।
আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক জানান, তিনি সুমাইয়াকে ধর্ষণ করেন। ঘটনাটি তাঁর মা তাহমিনা বেগম দেখে ফেলায় তাঁকেও হত্যা করেন।
বিজ্ঞাপন
হত্যাকাণ্ডের পর থেকেই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে তাঁরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন।
দীর্ঘ অপেক্ষার পর রায় ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সুমাইয়ার সহপাঠীরা। সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, ‘ফাঁসির রায় হওয়াতে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা চাই যতদ্রুত সম্ভব এই রায়ের কার্যকর করা হোক। যদি সম্ভব হয় প্রকাশ্যে ফাঁসি দেওয়া, যেন ভবিষ্যতে যারা এইধরনের কাজ করতে যাবে, ভয়ে তাদের হাত-পাঁ কাঁপে।’
নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, ‘আসামি মোবারক যেই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে, সেকারণে আমি আমার মা এবং একমাত্র বোনকে হারিয়েছি। তদন্তে একটু বেশি সময় লেগেছে। কিন্তু তদন্ত শেষে বিজ্ঞ আদালত দ্রুতই রায় ঘোষণা করেছে। আমি চাই এই রায়ের দ্রুত বাস্তবায়ন হোক।’
বিজ্ঞাপন
রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আয়েশা জানান, মামলায় কোনো প্রত্যক্ষদর্শী নেই। ভিডিও ফুটেজেও বিষয়টি যথাযথভাবে উঠে আসেনি বলে তিনি উল্লেখ করেন। কিছু বিতর্কের জায়গা থাকলেও আইনি কারণে তাঁরা সেসব যুক্তি প্রতিষ্ঠা করতে পারেননি। ডিএনএ পরীক্ষায় কিছু আলামত পাওয়া যাওয়ায় তাঁদের পক্ষে আর এগোনো সম্ভব হয়নি বলেও জানান তিনি।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার বলেন, মামলার যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেছেন। সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে এবং তাঁর মাকে হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।








