কমলনগরে রাসেল ভাইপারের ছোবলে দুই মৃত্যু, অ্যান্টিভেনমের দাবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় রাসেল ভাইপারের ছোবলে দুইজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় সাপে কামড়ানো রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ ও জরুরি চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
উপজেলার ৫ নম্বর চর ফলকন ইউনিয়নে বিষধর রাসেল ভাইপারের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় পানির স্রোতে ভারত থেকে আসা সাপগুলো এখন ভোট অফিসসংলগ্ন উত্তর পাশের বিলে আশ্রয় নিয়েছে। সেখান থেকে বংশবিস্তার করে সাপগুলো বাড়িঘর ও ধানক্ষেতে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১ নভেম্বর রাসেল ভাইপারের ছোবলে এক ব্যক্তি আক্রান্ত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখানে অ্যান্টিভেনম না পাওয়ায় তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ।
এর ছয় দিন পর, ৭ নভেম্বর মাতাব্বর হাট বাজারের উত্তর পাশে এক নারীকে একই ধরনের সাপে কামড় দেয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও অ্যান্টিভেনমের অভাবে চিকিৎসা সম্ভব হয়নি বলে দাবি স্থানীয়দের। শেষ পর্যন্ত ওই নারীরও মৃত্যু হয়।
বিজ্ঞাপন
পরপর দুই মৃত্যুর ঘটনায় চর ফলকন ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
সামনে ধান কাটার মৌসুম থাকলেও রাসেল ভাইপারের আতঙ্কে কৃষকদের মাঠে নামতে ভয় হচ্ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, বিলে গেলে সাপ তাড়া করে আসছে। গত কয়েক দিনে এলাকাবাসী দুটি রাসেল ভাইপার পিটিয়ে মেরেছেন বলেও জানা গেছে।
এ পরিস্থিতিতে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, মানুষের জীবন সবার আগে। দ্রুত স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে অ্যান্টিভেনম নিশ্চিত করা এবং সাপের উপদ্রব মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত, সাপে কামড়ানো রোগীদের জরুরি চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
তাঁদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এমন প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব হবে। আর কোনো পরিবার যেন সাপের ছোবলে স্বজন হারানোর শোকের মুখে না পড়ে, সেই প্রত্যাশা স্থানীয়দের।








