Logo

খেলনা পিস্তল দেখিয়ে টাকা-সোনা লুট, গণপিটুনিতে নিহত ১

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
১০ নভেম্বর, ২০২৬, ২২:০৮
খেলনা পিস্তল দেখিয়ে টাকা-সোনা লুট, গণপিটুনিতে নিহত ১
প্রতীকী ছবি

রাঙামাটির রাজস্থলীতে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে বাসা থেকে দুই লাখ টাকা ও সোনার আংটি লুটের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের হাতে আটক এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় লুটে জড়িত অপর ব্যক্তি পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে খ্যাংদংপাড়ায় অবস্থিত ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাসায় প্রবেশ করে দুই ব্যক্তি। এ সময় তার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আলমারি থেকে দুই লাখ টাকা ও তিনটি সোনার আংটি নিয়ে যায় তারা।

ঘটনার সময় হেনা ত্রিপুরার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে মো. রফিক (২৩) নামে একজনকে দুটি সোনার আংটিসহ আটক করেন তারা। তবে তার সহযোগী মো. আকাশ (২৪) একটি সোনার আংটি ও দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আটকের পর রফিককে মারধর করেন স্থানীয়রা। এতে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যা ৬টার দিকে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, রাত ৮টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বলেন, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে গণপিটুনি দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, নিহত রফিকের বাড়ি বাঙ্গালহালিয়ার আবাসিক মুসলিম পাড়ায়। তার বাবার নাম আব্দুল জলিল। অন্যদিকে পলাতক আকাশ একই ইউনিয়নের সুফিপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী করিম।

পুলিশ আরও জানায়, পলাতক আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD