Logo

শীত আসলে কিছু লোকের সমস্যা হয়, বিচলিত হবেন না: হারুনুর রশিদ

profile picture
উপজেলা প্রতিনিধি
ফরিদগঞ্জ, চাঁদপুর
১০ নভেম্বর, ২০২৬, ১৯:১৬
শীত আসলে কিছু লোকের সমস্যা হয়, বিচলিত হবেন না: হারুনুর রশিদ
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে বিআরডিবি মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী ও মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, উপজেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন ভূঁইয়া ও মো. রাসেদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা প্রমুখ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিলগ্নে শক্ত হাতে হাল ধরে দেশকে সুসংগঠিত করেছিলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “শিত আসলে কিছু কিছু লোকের সমস্যা হয়। এতে আপনারা বিচলিত হবেন না।” দীর্ঘদিন পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে উল্লেখ করে তিনি দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংহত রাখার আহ্বান জানান তিনি।

হারুনুর রশিদ বলেন, দল বাঁচলে সবাই ভালো থাকবেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা-হামলার শিকার হয়েও বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন। গত ২১ বছর ধরে সুখে-দুঃখে জনগণের পাশে থাকার কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ইস্পাতকঠিন ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে নেতাকর্মীদের ধৈর্য ধারণ এবং জনকল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য।

সভায় ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিরাজ সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD