শ্রমিক অসন্তোষের শঙ্কায় গাজীপুরের ১২ পোশাক কারখানায় ছুটি

শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকার ১২টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে এ ঘটনায় কোনো বিক্ষোভ বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুর মহানগরীর কাশিমপুর, জরুন ও নাওজোর এবং সদর উপজেলার বাঘেরবাজার, শিরিরচালা ও মেম্বারবাড়ি এলাকার ১২টি কারখানা মঙ্গলবারের জন্য বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস, শিরিরচালা এলাকার এস এম গার্মেন্টস ও এসরোটেক্স পোশাক কারখানা। এ ছাড়া ভবানীপুর এলাকার এনএজেড গ্রুপের সিএ নিট ওয়্যার, আরএমজি গার্মেন্টস বিডি লিমিটেড এবং মেম্বারবাড়ি এলাকার সিল্কেন সুইং লিমিটেডও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, কাশিমপুর ও জরুন এলাকার রিপন নিটওয়্যার এবং আলিম নিটওয়্যারসহ সংশ্লিষ্ট এলাকার আরও কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, কাশিমপুরের জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের কয়েকটি কারখানায় গিয়ে সেখানকার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। উদ্ভূত পরিস্থিতিতে কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, একই আশঙ্কায় গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, মেম্বারবাড়ি ও শিরিরচালা এলাকার আরও ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
শিল্পাঞ্চলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।








