জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর পৌর শহরের সর্দারপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোছা. জেসমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে নিজ বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা থানায় অপমৃত্যু মামলা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।
জেসমিন আক্তার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমুলতাই গ্রামের আব্দুর রহমানের মেয়ে। তিনি সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. বুলবুল আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর স্বামী বুলবুল আহমেদ, জেসমিন ও সন্তানদের নিয়ে জামালপুর পৌর শহরের সর্দারপাড়া এলাকায় সোহেল রানার বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। মঙ্গলবার রাত ২টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে জেসমিন নিজ কক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজ্ঞাপন
পাশের কক্ষ থেকে স্বামী ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খুলে জেসমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড়ির মালিক সোহেল রানা জানান, গত ২৮ অক্টোবর ওই পরিবারটি তার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠে। এরপর থেকে তারা স্বাভাবিকভাবেই বসবাস করছিলেন। রাতে গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে তিনি সদর থানায় বিষয়টি জানান।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বুলবুল আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ৩টার দিকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।








