বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান ছাই

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে ফার্মেসি, পোলট্রি ও মুদি দোকান, সার ও মুদি দোকান এবং চায়ের দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ডিগ্রিপাড়া আবু আহমদের দোকানসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে চিকিৎসক আব্দুল খালেক মাতব্বরের ওষুধের ফার্মেসি, রহমত আলী সওদাগরের পোলট্রি ও মুদি দোকান, হোসেন আহমদ সওদাগরের সার ও মুদি দোকান এবং হাসমত আলী সওদাগরের চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে চরম হতাশায় পড়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী ডা. আব্দুল খালেক কান্নাজড়িত কণ্ঠে বলেন, "খবর পেয়ে এসে দেখি দোকানের কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে আমি এখন নিঃস্ব হয়ে গেছি।"
বিজ্ঞাপন
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণের আশঙ্কায় স্থানীয় লোকজন প্রথমদিকে আগুন নেভানোর সাহস পাননি। ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই দোকানগুলোর মালামাল পুড়ে যায়।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে চার ব্যবসায়ীর দীর্ঘদিনের ব্যবসা ও পুঁজি মুহূর্তেই শেষ হয়ে গেছে। প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবির পাশাপাশি তারা এখন কঠিন আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন।








