Logo

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুনে পুড়ে ছাই কোটি টাকার বই

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১০ নভেম্বর, ২০২৬, ১৭:০১
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুনে পুড়ে ছাই কোটি টাকার বই
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুই দশক ধরে সংগ্রহ করা বিপুলসংখ্যক ইসলামি বই ও ধর্মীয় গ্রন্থ। শিক্ষার্থীদের দাবি, পাঠাগারে থাকা তাফসির ও হাদিসশাস্ত্রের দুর্লভ কিতাবগুলোর মূল্য কয়েক কোটি টাকা। আগুনে শিক্ষার্থীদের ল্যাপটপ, কম্পিউটারসহ ইফতা বিভাগের বিভিন্ন সামগ্রীও নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকার মাদরাসাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ভয়াবহতা তুলে ধরে মাদরাসার ইফতা বিভাগের শিক্ষার্থী ইউসুফ সাদিক জানান, ঘটনার সময় তাঁরা মাদরাসাতেই অবস্থান করছিলেন। তাঁদের পাশেই ছিল পাঠাগার। সেখানে তাফসির ও হাদিসশাস্ত্রের গুরুত্বপূর্ণ অনেক কিতাব সংরক্ষিত ছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বইগুলো সংগ্রহ করা হয়েছিল।

ইউসুফ সাদিক বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর তাঁরা প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় একপর্যায়ে সেখান থেকে সরে যেতে বাধ্য হন। চোখের সামনেই পুড়ে যায় বছরের পর বছর ধরে সংগ্রহ করা মূল্যবান বইগুলো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি জানান, প্রথমে পোড়া গন্ধ পান মাদরাসার শিক্ষক রিফাত উল্লাহ। পরে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তিনি বুঝতে পারেন, পাঠাগারে আগুন লেগেছে। এরপর শিক্ষার্থীদের ঘুম থেকে ডেকে তোলা হয়। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও কক্ষটির ইন্টেরিয়র ডিজাইনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরেক শিক্ষার্থী মাহাদী হাসান জানান, আগুনে কোটি কোটি টাকার বই পুড়ে নষ্ট হয়েছে। বিদেশ থেকে সংগ্রহ করা মূল্যবান কিতাবের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহৃত ল্যাপটপ ও কম্পিউটারও আগুনে ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডে মাদরাসার ইফতা বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। মাদরাসায় অবস্থানরত তাঁর ছোট ভাইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকলেও আল্লাহর রহমতে সে অক্ষত রয়েছে।

বিজ্ঞাপন

মাদরাসার প্রিন্সিপাল মুফতি মফিজুল ইসলাম বলেন, রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। এ ঘটনায় মাদরাসার ৭০ জনের বেশি শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আগুনে একটি কক্ষে থাকা বিপুলসংখ্যক ইসলামি বইসহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD