Logo

‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে পেলেন আইসিইউতে’

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১০ নভেম্বর, ২০২৬, ১৫:৪৫
‘রাতে ছেলেকে খাবার খাইয়ে এসেছিলাম, সকালে পেলেন আইসিইউতে’
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ১৪ বছর বয়সী শিক্ষার্থী আজিজুল ইসলাম সিয়াম। একমাত্র সন্তানের এমন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের সামনে উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন মা সোনিয়া আক্তার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) ছেলের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সোনিয়া জানান, সোমবার রাত ৯টার দিকে ছেলের জন্য নিজের হাতে পছন্দের খাবার নিয়ে মাদ্রাসায় গিয়েছিলেন। তখনো ভাবতে পারেননি, কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলেকে হাসপাতালের আইসিইউতে দেখতে হবে। এরপর থেকে আর সন্তানের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি।

সোনিয়া বলেন, চিকিৎসকদের কাছে বারবার ছেলের শারীরিক অবস্থার খবর জানতে চাইছেন তিনি। চিকিৎসকেরা তাকে সান্ত্বনা দিয়ে জানিয়েছেন, ছেলে লাইফ সাপোর্টে রয়েছে। এ অবস্থায় দোয়া করা ছাড়া আপাতত আর কিছু করার নেই।

ছেলের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘মেশিনের সাহায্যে ওর শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে। পেটের ভেতরের গ্যাস পরিষ্কারের জন্য ওয়াশ করা হয়েছে। একজন মা হিসেবে সন্তানের এমন অবস্থা দেখা কতটা কষ্টের, তা ভাষায় বোঝাতে পারব না। আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, আমার মানিককে সুস্থ করে আবার আমার কোলে ফিরিয়ে দিন।’

বিজ্ঞাপন

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ছড়িয়ে পড়া ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় সিয়ামের ফুসফুস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ আরও তিন শিক্ষার্থী খায়রুল (২২), ইউসুফ (১৭) ও জোবায়ের পাঠান (১৭) আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।

তিনি বলেন, গুরুতর অসুস্থ কয়েকজন রোগীর রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসক পাপন আরও জানান, আগুনের ধোঁয়া শ্বাসনালিতে প্রবেশ করলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে শরীরে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। বর্তমানে চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার চিকিৎসায় পালমোনোলজিস্টসহ শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞরা কাজ করছেন।

এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীর চোখও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে সব রোগীর চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, প্রতিষ্ঠানের যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর মুহূর্তেই পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হতে সক্ষম হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD