Logo

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় বিপর্যস্ত শিক্ষার্থীদের শ্বাসনালি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১২:২৪
ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় বিপর্যস্ত শিক্ষার্থীদের শ্বাসনালি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ধোঁয়ার কারণে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গুরুতর অসুস্থ চারজনকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন রয়েছেন লাইফ সাপোর্টে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

গুরুতর রোগীদের অবস্থা তুলে ধরে ডা. রবিউল করিম খান পাপন বলেন, কয়েকজনের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক পর্যায়ে ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, একজন সংকটাপন্ন রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আরও কাউকে ছাড় দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাদেরও ছাড় দেওয়া হবে।

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD