ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা চালক কালাচাঁন শেখ (৩৪) প্রাণ হারিয়েছেন। বাসে আগুনের সৃষ্টি হওয়া ধোঁয়ায় শ্বাসকষ্ট দেখা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কালাচাঁন শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসস্ট্যান্ডে একটি লোকাল বাস পার্কিং করে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আগুন লাগার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় তার শ্বাসকষ্ট শুরু হয় এবং একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে রাখা রয়েছে।








