Logo

নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১০ নভেম্বর, ২০২৬, ১১:৩৯
নারায়ণগঞ্জে মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সংকটাপন্ন একজনকে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তিন শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৪৮ শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। আরও রোগী আসতে পারে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও ধোঁয়াজনিত শ্বাসনালির ক্ষতিতে (ইনহেলেশন বার্ন) আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব বলেন, রাত ১টা ৫৫ মিনিটে মাদরাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

বিজ্ঞাপন

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদরাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

আগুনের কারণ সম্পর্কে তিনি জানান, তদন্ত শেষ হলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD