হয়রানির প্রতিবাদ করায় কিশোরীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত

কুষ্টিয়া শহরের থানা পাড়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে থানা পাড়া ক্রিসেন্ট ক্লাবের কাছে ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহত জাকিয়া সুলতানা (১৬) কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। তাঁর বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করায় পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় থাকে।
সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে স্কুল ছুটির পর বাড়িতে ফিরে গেটের সামনে দাঁড়িয়ে কলিংবেল বাজিয়ে অপেক্ষা করছিল জাকিয়া। এ সময় কালো শার্ট পরা ইমন নামের এক কিশোর ছুরি নিয়ে পেছন দিক থেকে তাঁকে আঘাত করে। পরে শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযুক্ত ইমন শহরের মজমপুর ১৪১ মফিজ উদ্দিন বিশ্বাস সড়কের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে বিরক্ত করত সে। বিষয়টি ইমনের অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। তিনি বলেন, আজ তাঁর মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আহত শিক্ষার্থী ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, মেয়েটিকে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কয়েকটি স্থানে সেলাই দিতে হয়েছে। তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
বিজ্ঞাপন
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।








