এবার ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল

ঝালকাঠির নলছিটিতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তাঁরা। শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী একত্র হয়েছেন। সেখানে চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন তাঁরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শপথে নেতাকর্মীরা বলেন, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধুকন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এ বিষয়ে চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম বলেন, ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় রাজপথে সক্রিয় থাকবে।
শপথ গ্রহণ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক রাশেদ অর্ণব।
বিজ্ঞাপন
এদিকে, বিষয়টি সম্পর্কে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








