Logo

দেয়ালে ‘জয় বাংলা’সহ আওয়ামী লীগের স্লোগান, ছাত্রীদের ভিডিও ভাইরাল

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
৫ নভেম্বর, ২০২৬, ২২:১৩
দেয়ালে ‘জয় বাংলা’সহ আওয়ামী লীগের স্লোগান, ছাত্রীদের ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলিতে বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান লেখার ঘটনা ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়টির কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে দেয়ালে স্লোগান লেখার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে কালো রঙের স্প্রে দিয়ে দেয়ালে লেখা বিভিন্ন স্লোগান। এর মধ্যে ছিল ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’, ‘উই আর মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’।

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ দেয়াল থেকে স্লোগানগুলো মুছে ফেলার উদ্যোগ নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদ্যালয়ের পোশাক পরা ছয় শিক্ষার্থী সামনের একটি গলিতে স্প্রে রং ব্যবহার করে বিভিন্ন দেয়ালে স্লোগান লিখছেন। তাঁদের মধ্যে দুজন সরাসরি দেয়াল লিখনে অংশ নেন। বাকি চারজনকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার দিনের বেলায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এসব স্লোগান লিখেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, দিনের বেলায় স্কুলের শিক্ষার্থীরা দেয়ালে স্লোগান লেখেন। পরদিন বিষয়টি জানাজানি হলে পুলিশসহ বিভিন্ন ব্যক্তিকে ঘটনাস্থলে দেখা যায়।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীরা এসব স্লোগান লিখেছেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলেছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে তাদের অভিভাবকদের ডেকে বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এদিকে, ঘটনার খবর পেয়ে দেয়ালটি পরিদর্শন করেছে সদর থানা পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত করছে। কার নির্দেশে শিক্ষার্থীরা দেয়ালে এসব স্লোগান লিখেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD