শিক্ষিকার চোখে মলম দিয়ে স্বর্ণালংকার-টাকা ছিনতাই

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবেশী ছিনতাইকারীরা এক শিক্ষিকার চোখে মলম লাগিয়ে স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী কনিকা চৌধুরী বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ ঘটনায় তার স্বামী বিজয় কুমার দে বুধবার রাতে সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিদ্যালয়ের কাজ শেষে বাড়বকুণ্ডে নিজের বাড়িতে ফেরার জন্য বাঁশবাড়িয়া বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন কনিকা। তখন গাড়ির সামনের আসনে দুজন ও পেছনে একজন যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পর চালক অটোরিকশাটি থামান। এ সময় সামনের আসনে থাকা এক যাত্রী পেছনে এসে বসেন। এরপর যাত্রীবেশী ছিনতাইকারীরা কনিকার চোখে মলম লাগিয়ে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তার মুঠোফোন, কানের দুল, আংটি ও নগদ আট হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কনিকার স্বামী বিজয় কুমার দে জানান, স্থানীদের থেকে কনিকাকে ফেলে যাওয়ার খবর পান তিনি। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কনিকা বর্তমানে বাড়িতে রয়েছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








