দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ভাগ করে দিতে হবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব বণ্টনের নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বিজ্ঞাপন
সোমবার বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, “দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় শুধু কাগজ-কলমে দায়িত্ব বণ্টন করলেই হবে না। প্রতিটি সংস্থার উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। ফলে ভবন ধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে নিয়মিত মহড়া, জনসচেতনতামূলক সেমিনার আয়োজন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় অগ্নিনিরাপত্তা বিষয়ে তরুণদের প্রশিক্ষণ ও সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের উদাহরণ টেনে আবদুস সালাম বলেন, সরু রাস্তা, পানির সংকট এবং দোকানপাট ও হকারদের অবস্থানের কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়।
তিনি জানান, বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাথমিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং ফায়ার হাইড্রেন্ট স্থাপন বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি নগরীর ঝুলন্ত ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়ার উদ্যোগ নিতে হবে।
বিজ্ঞাপন
অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করতে ধোলাইখালসহ নগরীর পুকুর ও জলাধারগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের পরিচালনায় সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশ নেন। সভায় দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থার দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।








