Logo

রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৪:১১
রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা
ছবি: সংগৃহীত

বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা ধর্মঘটে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানীর বেশ কয়েকটি এলাকার অটোরিকশা চলাচল। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে যানবাহন সংকটে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রী।

বিজ্ঞাপন

সকাল থেকেই ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ রয়েছে। ধর্মঘটের সমর্থনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন চালকরা।

সকাল ৯টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন অটোরিকশাচালকরা। এ সময় ধর্মঘট উপেক্ষা করে সড়কে চলাচল করা কয়েকটি অটোরিকশা আটকে দেওয়ার পাশাপাশি ভাঙচুরের ঘটনাও ঘটে। কোথাও গাড়ির হেডলাইট ভাঙা হয়েছে, আবার কোথাও ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ধর্মঘটে অংশ নেওয়া চালকদের অভিযোগ, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি অতিরিক্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একজন চালক সর্বোচ্চ পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনা করতে পারবেন না—এমন বিধানেরও বিরোধিতা করছেন তারা। এসব সিদ্ধান্তের প্রতিবাদেই তাদের এই কর্মসূচি।

বিজ্ঞাপন

এদিকে সকাল থেকে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বিভিন্ন সড়ক ও মোড়ে গণপরিবহনের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। অনেকে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পেরে বাধ্য হয়ে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে রওনা হন।

ধর্মঘটের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন সংকট ও জনদুর্ভোগ বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD