Logo

লোহাগড়ায় ভবনের ছাদে ভ্যানচালকের মরদেহ, দুই হাত বাঁধা

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগড়া, নড়াইল
১০ নভেম্বর, ২০২৬, ১৫:৪৯
লোহাগড়ায় ভবনের ছাদে ভ্যানচালকের মরদেহ, দুই হাত বাঁধা
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লক্ষীপাশা মোল্যার মাঠসংলগ্ন একটি ভবনের ছাদ থেকে আজিবর শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের দুই হাত সুতা দিয়ে বাঁধা ছিল। গলায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আজিবর শেখ সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে মাহিমা হোসেন গিরি বেগমের একতলা ভবনের ছাদে মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়ির এক ভাড়াটিয়া। পরে তিনি পুলিশকে খবর দেন। ভবনটির সিঁড়িতে কোনো গেট না থাকায় দুর্বৃত্তরা সহজেই ছাদে ওঠার সুযোগ পেয়েছে বলে স্থানীয়দের ধারণা।

নিহতের পরিবার জানায়, আজিবর অটোভ্যান চালিয়ে বিভিন্ন দোকানে কাঠ সরবরাহ করতেন। সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাত ১টার দিকে আত্মীয়স্বজন মোল্যার মাঠ এলাকা থেকে তার ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

আজিবরের চাচাতো ভাই সেলিম শেখ জানান, লক্ষীপাশা মোল্যার মাঠসংলগ্ন কাঠ ব্যবসায়ী রিপন মিয়া সোমবার (৯ নভেম্বর) ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকায় যান। যাওয়ার আগে কাঠের ব্যবসার জন্য আজিবরের কাছে লক্ষাধিক টাকা রেখে যান তিনি। এরপর থেকে আজিবর ওই ব্যবসা দেখাশোনা করছিলেন।

সেলিম শেখের ধারণা, ব্যবসার টাকার বিষয়টি জানতে পেরে দুর্বৃত্তরা আজিবরকে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে গেছে। তবে তিনি বলেন, পুলিশ তদন্ত করলে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আজিবরের দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD