ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড গঠন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা কার্যক্রম সমন্বয় ও নিবিড় পর্যবেক্ষণের জন্য গঠন করা হয়েছে দুটি মেডিকেল বোর্ড। এসব বোর্ডে রয়েছেন ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
তিনি বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা ও পরিচর্যার জন্য ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীদের প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসংক্রান্ত অনুসন্ধান বিনামূল্যে সম্পন্ন করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর শিক্ষার্থীদের শারীরিক অবস্থার ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী জানান, আগুনের ধোঁয়ার কারণে অনেকের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় এবং শ্বাসনালিতে আঘাত লাগে। পাঁচতলা ভবনটির দ্বিতীয় তলায় লাইব্রেরি ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। সেখান থেকে আগুনের সূত্রপাত হওয়ায় ওপরের তলাগুলোতে অবস্থানরত শিক্ষার্থীরা ধোঁয়ার কবলে পড়ে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে। ধোঁয়ার কারণে শ্বাসনালির ক্ষতি এবং আকস্মিক পরিস্থিতিতে সৃষ্ট মানসিক আঘাত—দুই কারণেই অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চিকিৎসার অগ্রগতি সম্পর্কে এম এ মুহিত বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা শুরু থেকেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে রোগীদের সেবা দিচ্ছেন। দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অনেক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার আশা করছেন তাঁরা। বাকিদের অবস্থাও এখন পর্যন্ত ভালো রয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, তাঁদের নিবিড় পরিচর্যা নিশ্চিত করা হয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পাশাপাশি ঢাকার বাইরে বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ ও বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
ভবনের নকশা ও ব্যবহারের নিয়ম মানার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের থাকার জন্য সাধারণ বাসাবাড়ি ভাড়া নিয়ে হোস্টেল তৈরি করা হয়। কিন্তু ভবনটি যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, সেটি ভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা যাচাই করা জরুরি।
তিনি বলেন, প্রতিটি ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট ‘বিল্ডিং রেগুলেশন’ রয়েছে। অতীতেও বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেগুলোর অনেকগুলোই রেস্তোরাঁ হিসেবে ব্যবহারের উপযোগী নকশায় তৈরি ছিল না। একইভাবে আবাসিক ভবনকে নিয়ম না মেনে বাণিজ্যিক কাজে ব্যবহার করার প্রবণতাও রয়েছে।
বিজ্ঞাপন
মাদ্রাসার ভবনটির ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ভবনটি হয়তো শুরুতে মাদ্রাসা হিসেবে ব্যবহারের জন্য নির্মিত হয়নি। সাধারণ আবাসিক ভবনকে পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। এ ধরনের ঝুঁকি এড়াতে ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে বিধিমালা আরও কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তবে প্রাথমিকভাবে প্রশাসনিক অংশ ও লাইব্রেরিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ওই তলায় অবস্থিত লাইব্রেরিটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং তারা দ্রুত বের হওয়ার চেষ্টা করে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭৯ জন শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের শরীরে সরাসরি দগ্ধ হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে আগুনের বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় অনেকের শ্বাসনালি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে চার শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।








