Logo

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৫:৪০
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আনতালিয়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, দুই প্রতিমন্ত্রীর দায়িত্বের ক্ষেত্র আলাদা হওয়ায় তাঁদের সফরে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। একজন জলবায়ু ও পরিবেশবিষয়ক বিষয়গুলো দেখবেন, অন্যজন সামলাবেন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনৈতিক কার্যক্রম।

সোমবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, দু’জনেরই যাওয়ার দরকার রয়েছে, প্রয়োজনীয়তা আছে। সেজন্য প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন দু’জনই সফরসঙ্গী হবেন।

তবে দুই প্রতিমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সাবেক কূটনীতিকদের মধ্যে ভিন্নমত রয়েছে। তাঁদের একজনের মতে, প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী গেলেই যথেষ্ট হতো। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর নির্ধারিত দ্বিপক্ষীয় বৈঠকগুলো একজন প্রতিমন্ত্রী সামলাতে পারতেন। এ ছাড়া পররাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সফরে রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে আরেক সাবেক কূটনীতিক মনে করেন, জলবায়ু ইস্যু এখন কেবল পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি রাজনৈতিক গুরুত্বও পেয়েছে। তাঁর ভাষ্য, কোনো কোনো দেশ থেকে চার-পাঁচজন মন্ত্রীও সম্মেলনে অংশ নেন। তাই দুই প্রতিমন্ত্রীর সফরকে তিনি অস্বাভাবিক মনে করছেন না। তবে তাঁর মতে, বাংলাদেশের মূল বিবেচ্য হওয়া উচিত সম্মেলনের জন্য প্রস্তুতির মান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজসহ আরও কয়েকজন।

দেশের ২৯তম পররাষ্ট্রসচিব হিসেবে গত রোববার দায়িত্ব নেওয়া সালাহউদ্দিন নোমান চৌধুরীর প্রথম বিদেশ সফরও এটি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তিনি তুরস্ক গেছেন। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করছেন ফরহাদুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। একই দিন সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরসূচিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকের কথা উল্লেখ রয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে কপ-৩১ সম্মেলনে নেপালের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। সোমবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এবারের জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন না। দেশটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ভূপেন্দর যাদব।

গত আগস্টে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব ভাগ করে দেয়। প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত অন্যান্য বিষয়ে সহায়তার দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান ৩১ আগস্ট থেকে দেশের বাইরে রয়েছেন। সভাপতির দায়িত্ব পালনে তিনি নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব পালনের প্রতিযোগিতা বাড়লেও পারস্পরিক সমন্বয়ের ঘাটতি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে জুনে মালয়েশিয়া হয়ে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে শামা ওবায়েদকে রাখা হয়নি। পরে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে দুই প্রতিমন্ত্রীই সঙ্গী হন। তবে ওই সফরের দলে জায়গা পেতে শামা ওবায়েদকে বেশ বেগ পেতে হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত অক্টোবরে প্রধানমন্ত্রীর জাপান সফরে হুমায়ুন কবির অংশ নিলেও শামা ওবায়েদ ছিলেন না। নিউইয়র্ক সফরের পর এবার তুরস্ক সফরেও দুজনকেই সঙ্গী করেছেন প্রধানমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD