ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হলে পরবর্তী সময়ে উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে কোরীয় বিনিয়োগকারীদের বিভিন্ন পরিচালনাগত ও আমদানি-সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি জাহাজ নির্মাণ শিল্পে যৌথ বিনিয়োগের প্রস্তাব তুলে ধরেন তিনি। এ খাতে স্থানীয় প্রকৌশলী ও দক্ষ জনবলকে কাজে লাগিয়ে একটি বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সিইপিএ চুক্তির আলোচনা দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন। তিনি জানান, চুক্তির খসড়া এবং বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে। বৈঠকে চুক্তির বাকি কাজ শেষ করা এবং পরবর্তী করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশে কোরীয় বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের নীতিগত ও প্রশাসনিক জটিলতা নিরসনে শিগগিরই একটি যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে। এতে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরীয় বিনিয়োগকারীদের প্রতিনিধিরা অংশ নেবেন।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী প্রায় ২০০টি কোরীয় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) পেতে দীর্ঘসূত্রতা এবং শুল্কসংক্রান্ত নীতিমালার প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।
এসব সমস্যা সমাধানে স্যামসাংসহ কোরীয় প্রতিষ্ঠানগুলোর আমদানি কার্যক্রম সহজ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি পারমিট ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও তাৎক্ষণিকভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
জাহাজ নির্মাণ শিল্পে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে স্থানীয় প্রকৌশলী ও দক্ষ জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণের সুযোগ রয়েছে।
বাংলাদেশের এই প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান এবং হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়।
দ্বিপক্ষীয় এই বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








