‘জাতিসংঘ শান্তিরক্ষায় বিশ্বের শীর্ষ অবদানকারীদের একটি বাংলাদেশ’

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ বাংলাদেশ। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি এ কার্যক্রমে নারীদের অংশগ্রহণও দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় শান্তিরক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে সরাসরি ধারণা নেন এবং বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত নারী শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বাংলাদেশে পৌঁছেছেন ডাচেস অব এডিনবার্গ সোফি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে শুরু হওয়া এ সফর চলবে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত।
সফরসূচি অনুযায়ী, বাংলাদেশে অবস্থানকালে ডাচেস সোফি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। সেখানে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, নিরাপত্তা এবং ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরতে সংশ্লিষ্ট জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য।
বিজ্ঞাপন
এর অংশ হিসেবে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম সরেজমিনে দেখবেন তিনি। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা এবং সহায়তায় পরিচালিত উদ্যোগগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন।
পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্বের বিকাশ, সহনশীলতা, পুনর্বাসন এবং অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন ডাচেস। বাস্তুচ্যুতির কঠিন পরিস্থিতিতেও নারী ও শিশুরা কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাচ্ছে, তা জানার ওপরও গুরুত্ব দেবেন তিনি।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও শক্তিশালী করা, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর করছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশের এই সফরও তার বৃহত্তর কর্মসূচির অন্তর্ভুক্ত।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ সফর করেছিলেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য। এবারের সফরে শান্তিরক্ষা কার্যক্রম, নারী ও শিশুর অধিকার এবং রোহিঙ্গা সংকটের মানবিক দিক বিশেষ গুরুত্ব পাচ্ছে।








