Logo

দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৮:৪৯
দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান

প্রতিমন্ত্রী বলেন, ১০টি ক্রীড়া ইভেন্ট নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা শুরু হচ্ছে। ইভেন্টের মধ্যে রয়েছে- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট প্রতিযোগিতা।

সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী জানতে চান, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়াইয়া পড়িবার ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকারের কী পরিকল্পনা রয়েছে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণপূর্বক প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড় শনাক্তকরণের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণে কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণ, মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই পরিকল্পনার আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD