Logo

৬ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৯:১১
৬ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশের শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল স্থাপন করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে একটি করে ১০০ শয্যার বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতাল নির্মাণের স্থানগুলো উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে আমরা এই ৬টি জায়গায় ১০০ শয্যার একটি করে হাসপাতাল তৈরি করব। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণপ্রক্রিয়ায় শ্রমিকদের বিশেষায়িত চিকিৎসাসেবার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বক্তব্যে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তার দাবি, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব গুরুত্বপূর্ণ খাতকে পরিকল্পিতভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশের নিজস্ব খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়।

শিল্পের বিকাশ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে এমন কিছু নীতি গ্রহণ করা হয়েছিল, যার কারণে দেশের শিল্প খাত স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি। একইভাবে চিকিৎসাব্যবস্থারও অবনতি ঘটানো হয়েছে। বিশেষ করে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা আগের তুলনায় দুর্বল হয়ে পড়ে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দেশের চিকিৎসাব্যবস্থাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, যাতে বাংলাদেশিদের চিকিৎসার জন্য বিদেশের একটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভর করতে হতো।

বর্তমান সরকারের নির্বাচনী ম্যান্ডেট ও জনগণের প্রতি দায়বদ্ধতার বিষয়টিও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে দেশের সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

এ সময় সংসদে বিরোধীদলীয় নেতার চিকিৎসাব্যবস্থা নিয়ে আগের উদ্বেগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলের কাছাকাছি বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। তবে হাসপাতালগুলোর নির্মাণকাজ শুরুর সময়সূচি ও বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা এখনো জানানো হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD